সিরাজগঞ্জে ট্রাক এবং কনটেইনার বহনকারী ট্রেলরের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহত দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে কনটেইনার বহনকারী একটি ট্রেলরের সঙ্গে বিপরীতমুখী পাবনা থেকে ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ সময় আহত হন আরো একজন।