মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

সিরাজদিখানে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় সিরাজদিখান পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে উইমেন অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। গত ০৫ নভেম্বর ২০২৫ নিমতলাস্থ জেমস গ্রীল মিলনায়তনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে উপজেলার শান্তি-সম্প্রীতি রক্ষায় বিভিন্ন শ্রেণি-পেশার ২৮ জন নারী সদস্যদের নিয়ে এই প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিএফজি’র পিস অ্যাম্বাসেডর মেরি ডি ক্রস। পিএফজির কোঅর্ডিনেটর রত্না হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মনিটরিং এন্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট ফাতেমা মাহমুদা, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন অফিসার এ এস এম অতিকুর রহমান, দানিয়াপাড় পল্লী সমাজ নারী উন্নয়ন সমিতি’র সভানেত্রী শিলা আক্তার, ইউপি সদস্য হাসনাহেনা, মোহসেনা আক্তার মিমি, শিরিন বেগম, নাছিমা, ওয়াইপিএজি’র কোঅর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সাম্প্রতিক জরিপ অনুযায়ী, দেশের ৭৫.৯ শতাংশ নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন। ‘নারীর প্রতি সহিংসতা জরিপ-২০২৪’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নারী নির্যাতনের ভয়াবহ এই চিত্র উঠে এসেছে। বক্তারা বলেন, পরিবার থেকে কর্মক্ষেত্র সবখানে নারীরা সহিংসতার শিকার হন। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে উইমেন অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্ম গঠনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানান। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শিলা আক্তারকে ওয়েভ সমন্বয়কারী এবং ইউপি সদস্য হাসনাহেনা ও ওয়াইপিএজি কোঅর্ডিনেটর সাদিয়া ইসলাম মৌকে সহ সমন্বয়কারীর দায়িত্ব অর্পণ করে ২৮ সদস্য বিশিষ্ট ওয়েভ প্ল্যাটফর্ম গঠন করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD