ভারতের চারু শর্মা ক্রিকেটে পরিচিত নাম। তবে বেশি সুনাম কুড়িয়েছেন নিলাম পরিচালনা করে। দীর্ঘ দিন আইপিএলের নিলাম সঞ্চালনা করেছেন। সেই চারু শর্মা এবার সঞ্চালনা করছেন বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি এর নিলাম। নিলামের ফাঁকেই জানালেন, বিসিবি সভাপতি তামিম ইকবালের এক ফোনকলেই চলে এসেছেন তিনি।
গণমাধ্যমকে চারু বলছিলেন, ‘অতীতে কয়েকবার আসা হয়েছে। অনেক দিন পর বাংলাদেশে এলাম। তামিম ইকবালকে ধন্যবাদ, সে-ই আমাকে কল করে। আমি একটু ব্যস্ত ছিলাম। তবে বললাম, একদম ভেবো না, আমি চলে আসব। এখানে এসে ভালো লাগছে। মনে হচ্ছে নিজের বাড়িতে আছি।’
প্রথম বাংলাদেশ সফর নিয়ে চারু বলেন, ‘মনে নেই, তবে সম্ভবত ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। খুব উপভোগ করেছিলাম। অনেক বন্ধু হয়েছিল। প্রতি রাতে আমরা ঘুরতে বের হতাম। ধারাভাষ্যকার অনেকেই আমার ভালো বন্ধু। একজন শামীম চৌধুরী। আবারও সবার সাথে দেখা করার সুযোগ হয়েছে, আমি খুবই খুশি।’
পরে বিসিবির ডি থ্রি টুর্নামেন্টের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘তামিম কল করে বলল, ডি থ্রি টুর্নামেন্ট করছি। তুমি আসলে ভালো হতো। বলেছি আমি ব্যস্ত তবে অবশ্যই আসব। এর ২-৩ দিন পরই চলে আসি। আমি অনেক কাজই করি। তবে নিলাম পরিচালনা আমার প্রিয় কাজ এবং বিশেষ করে এখানে যে কনসেপ্টে নিলাম হচ্ছে, খুব ভালো লাগলো। সবার বুঝতে একটু সময় লাগতে পারে। বেশি সময়ও লাগানো যাবে না। ২-৩ দিন ধরে নিলাম করলে তো আর হবে না। তবে এক্সাইটিং করার চেষ্টা করে যাচ্ছি। ক্যাটাগরি ‘এ’ তো রোমাঞ্চকর ছিল। এখন ক্রমেই দ্রুত শেষ হয়ে যাবে।’
চারু শর্মা আরও বলেন, ‘বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট তুলে ধরার জন্য বিপিএল অনেক গুরুত্বপূর্ণ। তবে ডি থ্রি তরুণদের ডেভেলপমেন্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে ভালো খেলে যেতে হবে, সেজন্য ভালো খেলোয়াড় লাগবে। এখন দারুণ একটা জাতীয় দল আছে। ডি থ্রি সব ফরম্যাটে হবে। এটা এমন কিছু যা দেশের ক্রিকেটের জন্য সঠিক বিষয়। মাত্র শুরু হচ্ছে। এখনও নিলামে অনেক নাটকীয়তা বাকি। তামিমকে আবারও ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসায়।’