রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলা ও অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে সিরিয়া বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। কমিশনের মতে, এসব হামলা সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন এবং তা ‘অগ্রহণযোগ্য’।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৬৩তম নিয়মিত অধিবেশনে দেওয়া এক ব্রিফিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কমিশন এ আহ্বান জানায়। কাউন্সিলের এবারের অধিবেশন সোমবার শুরু হয়েছে এবং আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে।

কমিশন বলেছে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের হামলা সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন। কমিশনের ভাষায়, ‘এটি অগ্রহণযোগ্য এবং অবশ্যই বন্ধ করতে হবে।’

সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুনেইত্রা ও দারা প্রদেশে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক অভিযান ও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসব অভিযানের মধ্যে রয়েছে বাড়িঘরে তল্লাশি, বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গ্রেপ্তার এবং গোলাবর্ষণ।

শুধু তাই নয়, ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমির একটি বড় অংশ ইসরায়েলের দখলে রয়েছে।

এদিকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দাবি করে, ১৯৭৪ সালের চুক্তি আর কার্যকর নেই। এরপর ইসরায়েল সিরিয়া ও ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার মধ্যকার নিরস্ত্রীকৃত বাফার জোন এবং আরও কয়েকটি অবস্থান দখলে নেয়। এর মধ্যে সিরিয়ার অংশের মাউন্ট হারমন (জাবাল আল-শেখ) -ও রয়েছে।

সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও ব্রিফিংয়ে কথা বলেছে জাতিসংঘের তদন্ত কমিশন। তারা জানিয়েছে, দেশটিতে পুনর্গঠন কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের প্রচেষ্টায়ও অগ্রগতি দেখা যাচ্ছে।

কমিশন জোর দিয়ে বলেছে, সিরিয়ায় অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার প্রক্রিয়া সফল করতে জবাবদিহি একটি অপরিহার্য উপাদান।

একইসঙ্গে কমিশন দেশটির ম্যান্ডেট নবায়নকে স্বাগত জানিয়েছে এবং তদন্ত কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য সিরিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD