শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার লাউয়াছড়া বনে রেললাইনের উপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সাড়ে ৪ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। রাত সাড়ে ৯টার সময় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
মঙ্গলবার বিকাল ৫টার সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়া রেললাইনের ওপর বড় দুটি গাছ পড়ে যাওয়াতে শ্রীমঙ্গল ও সাতগাঁও স্টেশনে ট্রেন দুটি আটকা পড়ে। এতে শত শত যাত্রীর দুর্ভোগের সীমা ছিল না।
পরিবার নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে আসা যুগান্তর খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার নূর ইসলাম রকি জানান, তিনি দুপুর ২টার সময় পাহাড়িকা ট্রেনে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু বিকাল ৫টায় ওই ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে দেরিতে আসে। রাত সাড়ে ৯টায় ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে তিনিসহ শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে কালনী এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে শ্রীমঙ্গলের পাশের স্টেশন সাতগাঁও স্টেশনে। সেখানেও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ ব্যাপারে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (এসিএফ) শ্যামল কুমার মিত্র জানান, বৃষ্টির কারণে লাউয়াছড়া বনে রেললাইনের উপর দুটি বড় বহেড়া গাছ পড়ে যাওয়াতে খবর পেয়ে বন কর্মীরা দুটি গাছ অপসারণ করেন।
শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন জানান, লাউয়াছড়া বনে রেললাইনের ওপর গাছ পড়ার কারণে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। এতে পাহাড়িকা ও কালনী ট্রেন আটকা পড়ে। এখন স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।