সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে ছবি ও ভিডিও ধারণের বিষয়ে সতর্ক করা হয়েছে। সংরক্ষিত এলাকা বা স্থাপনা, স্পর্শকাতর ও সংবেদনশীল কোনো ঘটনা কিংবা বিষয়বস্তুর ছবি তোলা বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজন ছাড়া যেকোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ না করার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা কিংবা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো ধরনের কনটেন্ট প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা অন্যের সঙ্গে আদান-প্রদান করা যাবে না। এমনকি এ ধরনের কোনো কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এ ছাড়া রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে দূতাবাস। সেবা গ্রহণের প্রয়োজন ছাড়া দূতাবাসে আসার পর ভেতরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে অবস্থান বা ঘোরাফেরা না করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সৌদি আরবের প্রচলিত আইনে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি তা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য স্থানীয় আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের দায়িত্বশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতেও ভূমিকা রাখবে।
এ কারণে ছবি ও ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সংবেদনশীল স্থান বা বিষয় ঘিরে যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সব বাংলাদেশি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।