কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেওয়া শুরু করলে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজলী বাপের চর এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ওই যুবকের নাম সালেম বিন নুর (৩০)। তিনি রামপুরের মৃত মো. নুরের ছেলে।
ভিকটিমের বাবা এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, ধর্ষণচেষ্টাকারী অভিযুক্তকে ডাকা হয়েছিল। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকারও করে। এ সময় তার স্ত্রী ও মা উপস্থিত ছিল। ভবিষ্যতে আর কোনো খারাপ আচরণ করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থী বা পরিবারের পক্ষ থেকে দেওয়া একটি অভিযোগ তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে মামলা নেওয়া হবে ঘটনায় জড়িতের বিরুদ্ধে।’