নীলফামারীরজলঢাকায় নবম শ্রেণীর ছাত্রী ইতিমনিকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামী মাহমুদারকে মৃত্যুদন্ড এবং দেড় লাখ টাকা জরিমানা করেছেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আজ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মনসুর আলী এই রায় প্রদান করেন।
দন্ডিত মাহমুদার জলঢাকা উপজেলা শহরের মাথাভাঙ্গা এলাকার আফান উদ্দিনের ছেলে।
মামলা সুত্র জানায়, ২০০৯সালের ৩০সেপ্টেম্বর বিকেলে বাড়িতে একাকী পেয়ে নবম শ্রেণীর ছাত্রী ইতিমনীকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে মাহমুদার। এ সময় বাড়িতে প্রবেশ করলে ইতির বাবা ইয়াকুব আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে।
মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। ঘটনার পরদিন জলঢাকা থানায় একটি মামলা করেন বাবা ইয়াকুব আলী।
পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করলে আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক মামলার একমাত্র আসামী মাহমুদারকে মৃত্যুদন্ড এবং দেড় লাখ টাকা জরিমানা করেন।
তবে মামলার পর থেকে পলাতক রয়েছে দন্ডপ্রাপ্ত মাহমুদার।