শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত, ইউপিতে ৪৬ হাজার ৩৯৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য সবচেয়ে বেশি ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র ৪২৫টি। এসব কেন্দ্রে মোট ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি ভোটকক্ষ থাকবে।
এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এসব কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

উপজেলা পরিষদ

উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মোট ৪১ হাজার ৪৬৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৪১ হাজার ৪৪৭টি এবং অস্থায়ী কেন্দ্র ১৯টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৩৩ হাজার ৩০৫টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ লাখ ১৯ হাজার ৮২২টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৪৮৩টি।

পৌরসভা নির্বাচন

পৌরসভা নির্বাচনের জন্য মোট ৫ হাজার ২০২টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫ হাজার ১৮৪টি এবং অস্থায়ী কেন্দ্র ১৮টি। এসব কেন্দ্রে মোট ২৫ হাজার ৯৬৬টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২৪ হাজার ৭৬৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১ হাজার ১৯৭টি।

সিটি করপোরেশন

সিটি করপোরেশন নির্বাচনের জন্য মোট ৫ হাজার ১৫১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ থাকবে ২৩ হাজার ১০৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১ হাজার ৯৫৮টি। সব মিলিয়ে সিটি করপোরেশন নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৫টি।

এদিকে জেলা পরিষদ নির্বাচন অন্য স্থানীয় সরকার নির্বাচনের মতো সরাসরি ভোটে অনুষ্ঠিত না হওয়ায় এর জন্য আলাদা করে ভোটকেন্দ্র নির্ধারণের প্রয়োজন হয়নি।

ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সেপ্টেম্বরেই তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। কয়েক ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ইউপি ও পৌরসভা নির্বাচন আগে করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে অন্য স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন নির্বাচন উপযোগী হবে। এ ছাড়া বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়নে নির্বাচন হয়নি।

এ ছাড়া দেশে মোট ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। বাকি ১০টি আইনি জটিলতার কারণে এখনো নির্বাচন উপযোগী নয়।

নতুন পাঁচটি উপজেলাসহ দেশে মোট ৫০০টি উপজেলা রয়েছে। কোনো উপজেলাতেই বর্তমানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো উপজেলা নির্বাচন উপযোগী রয়েছে।

একইভাবে নতুন বগুড়া সিটি করপোরেশনসহ দেশে মোট ১৩টি সিটি করপোরেশন রয়েছে। বর্তমানে কোনো সিটি করপোরেশনেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোই নির্বাচন উপযোগী রয়েছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD