বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। খুব শিগগির তাকে নিয়ে দেশে ফিরব।

মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতির গুজব ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ তথ্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেন আফরোজা আব্বাস।

গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে (মির্জা আব্বাস) ফিজিওথেরাপিসহ পরবর্তী চিকিৎসার জন্য মালয়েশিয়ায় আনা হয়েছে।

তিনি বলেন, শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় করা হচ্ছে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত। এরপর গত ১৪ এপ্রিল তাকে মালেয়শিয়া নিয়ে যাওয়া হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD