নওগাঁয় মহাদেবপুর উপজেলায় একই মহাসড়কে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনা ঘটেছে। এদিন সকালে প্রাইভেট কারে স্বামী-স্ত্রী ও সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রাণীপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার সতিহাটের ঢেপড়া গ্রামের রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ (৩৬) ও তার ছয় বছরের ছেলে রাধাকান্ত। দুর্ঘটনায় নিহতের স্ত্রী পূজা রানী গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ফুফাতো ভাই সত্যম কুমার বলেন, উপজেলার শিকারপুর শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে করে রথীন্দ্রনাথ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী পূজা রানী গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর ওই মোটরসাইকেলের চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এদিন বেলা সাড়ে ১২টার দিকে একই উপজেলার একই মহাসড়কের ফয়েজ উদ্দিন কোল্ডস্টরের পাশে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।