হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব দেন। পরে পরিবর্তিত নামসহ হরমুজ প্রণালির একটি মানচিত্রও প্রকাশ করে হোয়াইট হাউস।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত??? আমেরিকার মতোই, এটিও আগের চেয়ে আরো ‘উষ্ণ’ হয়ে উঠবে!’
হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ এটি। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। বিশ্বের সমুদ্রপথে তেল বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে যায়।
ইরান ও আরব উপদ্বীপের মধ্যবর্তী এই সমুদ্রপথটি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর পর থেকে এখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। আগের দিন এ সংখ্যা ছিল ১০টি। যুদ্ধের আগে ১০ দিনের গড় ছিল প্রায় ১৩টি জাহাজ।
হরমুজ দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ার পেছনে রয়েছে সংঘাত ও নিরাপত্তাঝুঁকি। ইরান প্রণালিটি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
এক মাসেরও বেশি সময় ধরে চলা ‘অনানুষ্ঠানিক বিরতির’ পর রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার সংঘাত শুরু হয়েছে। এর মধ্যে সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজ গোপনে হরমুজ প্রণালি পার হওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি সৌদি আরব।
এমন পরিস্থিতির মধ্যেই হরমুজের নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন ট্রাম্প। তবে এটি এখনো কোনো আনুষ্ঠানিক নাম পরিবর্তনের সিদ্ধান্ত নয়। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রস্তাবটি দিয়েছেন। হোয়াইট হাউসও তার প্রস্তাব সমর্থন করে ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি মানচিত্র প্রকাশ করেছে।
প্রাকৃতিক জলাশয়ের নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের আগ্রহ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার কিছুদিন পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিক উপসাগর’ রাখেন তিনি।
এরপর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশকে পৃথককারী অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখেন ট্রাম্প।
এবার তার সেই নাম পরিবর্তনের তালিকায় যুক্ত হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী নামটি বদলালে এর নতুন নাম হবে ‘ট্রাম্প প্রণালি’।