ওমানের জলসীমা দিয়ে কয়েকটি ক্রুজ জাহাজ পার হওয়ার সময় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরমধ্যে একটি জাহাজ চলাচলের সময় ঘটে যাওয়া একটি ঘটনা সামনে এসেছে।
শনিবার পুরো পরিস্থিতি ছিল বেশ বিভ্রান্তিকর। সামুদ্রিক ট্র্যাকার ওয়েবসাইটগুলোতে ঘটনাগুলো সরাসরি দেখা যায়।
খবরে বলা হয়েছে, কয়েকটি জাহাজ ইরানের খার্গ দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল, যেখানে আইআরজিসি নিয়মিত নজরদারি চালায়। হঠাৎ করেই জাহাজগুলো দিক পরিবর্তন করে পশ্চিম দিকে চলে যেতে শুরু করে।
একটি ভারতীয় তেলবাহী জাহাজের অডিও রেকর্ডে জানা যায়, তারা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়েছিল। তবে পরে সেই অনুমতি বাতিল করা হয়।
এরপর আইআরজিসি জাহাজটিতে গুলি চালালে সেটি দিক পরিবর্তনে বাধ্য হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। জাহাজগুলোকে আগে ইরানের শর্ত মেনে চলতে হচ্ছে, আবার প্রণালী পার হওয়ার পর তাদের যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখেও পড়তে হচ্ছে।
এতে করে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল এখন কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় গালফ কো-অপারেশন কাউন্সিল কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। তারা চায়, যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসুক, যাতে বর্তমান উত্তেজনা ও সংঘাতের পরিস্থিতির অবসান ঘটে।