রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

হরমুজ খুলতে দুই শর্ত ইরানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর ও চুক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রত্যাশিত চুক্তির আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সূত্র বলেছে, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ওই নৌপথ বন্ধই থাকবে।

এদিকে, মধ্যপ্রাচ্য যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর বিষয়টি রোববার নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রোববার সুইজারল্যান্ডে ‌‘‘লেক লুসার্ন শীর্ষ সম্মেলন এবং উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠক শুরুর’’ ঘোষণা দেওয়া হয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান এবং দুই মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

উপসাগরীয় অঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বলছে, এই বৈঠক একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে; যা সমঝোতা স্মারকের সব বিষয়কে অন্তর্ভুক্ত করবে। বিবৃতিতে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরেও বলা হয়েছে, লেবাননে বিস্তৃত যুদ্ধবিরতি এবং ইরানের জব্দ থাকা সম্পদ নিয়ে আলোচনা করতে ইরান, কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে বৈঠকে বসেছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বলেছে, ‘‘লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইরানের অবরুদ্ধ সম্পদ সচল করার বিষয়ে ইরান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে বর্তমানে আলোচনার নির্ধারিত স্থানে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’’

সূত্র: এএফপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD