বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে: ডা. জাহেদ দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী ট্যাংকারে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌমাইনে আঘাত লেগে আগুন ধরে গেছে একটি তেলবাহী ট্যাংকারে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে জাহাজে এটি চতুর্থ হামলার ঘটনা বলে জানা গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউকেএমটিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। ইরানের নৌবাহিনীও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, ট্যাংকারটি উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।

ইউকেএমটিও জানায়, ওমানের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি ট্যাংকারে হামলার খবর পেয়েছে তারা। হামলার পর জাহাজটি অচল হয়ে পড়ে এবং এর ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। তবে জাহাজটির নাবিকেরা নিরাপদে আছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

ইরানের নৌবাহিনীর দাবি, ট্যাংকারটি নিষিদ্ধ এলাকায় চলাচল করছিল এবং এর নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রচারিত এক বিবৃতিতে নৌবাহিনীর জনসংযোগ বিভাগ বলেছে, ‘হরমুজ প্রণালির পূর্বাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলকারী ওই ট্যাংকারটি তার নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল।’

ইরানের নৌবাহিনী আরও বলেছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় না করে এবং নিয়মকানুন উপেক্ষা করে অবৈধভাবে চলাচল করলে নৌমাইনে আঘাত লাগা ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে।

নিরাপদে চলাচলের জন্য ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করা জরুরি বলে উল্লেখ করেছে দেশটির নৌবাহিনী। একই সঙ্গে ওই অঞ্চলে চলাচলের সময় জাহাজগুলোকে সামুদ্রিক বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে তারা।

এর এক দিন আগেও হরমুজ প্রণালিতে আরেকটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, অজ্ঞাত একটি বস্তু আঘাত হানার পর জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ভ্যানগার্ড ট্যাংকারটির নাম জানিয়েছে ‘ওএন ফিনিক্স’। পানামার পতাকাবাহী জাহাজটি ওমান উপকূল থেকে তিন নটিক্যাল মাইল দূরে আঘাতের শিকার হয়। উভয় সংস্থাই জানিয়েছে, জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন।

এর কয়েক ঘণ্টা আগেই দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়। ইরানের দাবি, জাহাজ দুটি হরমুজ প্রণালির নিষিদ্ধ পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই ঘটনায় জাহাজ দুটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধ ও সংঘাত অব্যাহত রয়েছে। এ সময়ে একাধিকবার নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশ না করতে জাহাজ পরিচালনাকারীদের সতর্ক করেছে ইরান।

তেহরান জাহাজ পরিচালনাকারীদের দেশটির সামরিক বাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণ এবং হরমুজ প্রণালিতে নির্ধারিত পথ ব্যবহার করার কঠোর পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা এই প্রণালিতে বর্তমানে কড়া নিরাপত্তাব্যবস্থা জারি রয়েছে।

সূত্র : আল জাজিরা ও এনডিটিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD