বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি

জাতীয় পুরুষ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি শেষ। নতুন কোচ খুঁজতে বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। হামজা-জামালদের কোচ হতে দুই শতাধিক আবেদন জমা পড়েছে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকা করতে তিন সদস্যের কমিটি করেছে ফেডারেশন।

বাফুফের ট্যাকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন বলেন, ‘নির্বাহী কমিটির অন্যতম দুই সদস্য ছাইদ হাসান কানন ও ইকবাল হোসেন এবং আমাকে নিয়ে একটি বিশেষ কমিটি হয়েছে। আমরা এই সপ্তাহের মধ্যে কোচদের সিভি পর্যালোচনা করে একটি তালিকা করে ন্যাশনাল টিমস কমিটির কাছে প্রতিবেদন দেব।’

জাতীয় দলের হেড কোচের পাশাপাশি, গোলরক্ষক কোচ, যুব দলের কোচও নিয়োগ দেবে বাফুফে। জাতীয় দলের মতো সেখানেও অনেক আবেদন পড়েছে জানিয়ে হিলটন বলেন, ‘গোলরক্ষক কোচের জন্য প্রায় ৪০ ও যুব দলের জন্যও এই রকম সংখ্যক আবেদন আছে। জাতীয় দলের পাশাপাশি এগুলো আমরা সংক্ষিপ্ত তালিকা করব।’

বিশেষ কমিটির সঙ্গে ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু ও ট্যাকনিক্যাল বিভাগের স্টাফরাও কাজ করবেন। সংক্ষিপ্ত তালিকার পর জাতীয় দল কমিটি কোচদের সাক্ষাৎকার নেবেন। বেতন ও অন্যান্য বিষয়ে সমঝোতা হলে নিয়োগ চূড়ান্ত হবে।

আগামী ৫ জুন সান মারিনোতে হামজাদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই বাফুফেকে সপ্তাহ দুয়েকের মধ্যেই নিতে হবে সিদ্ধান্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD