সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করে গত এক সপ্তাহে ১২ হাজার ২৯২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আরও ২৭ হাজারের বেশি অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। খবর গালফ নিউজের

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ২৭ হাজার ৪৪৫ জন অভিবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং ২ হাজার ৩৩ জন নারী।

বহিষ্কারের প্রস্তুতির অংশ হিসেবে ১৬ হাজার ৯১২ জনকে নিজ নিজ দেশের দূতাবাস বা কূটনৈতিক মিশনে ট্রাভেল পারমিট (আউটপাস) সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ৪ হাজার ১৭৪ জনকে বিমান টিকিটের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত যৌথ অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৪৪ জন গ্রেপ্তার হয়েছেন।

একই সময়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬২৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৫৮ জনকে আটক করা হয়।

সৌদি পুলিশ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে গত সপ্তাহে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ অভিবাসীদের সহায়তা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD