হযরত খানজাহান আলী (রহ.) অমর সৃষ্টি, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর দেশের করোনা পরিস্থিতির কারণে ১৮১ দিন বন্ধ থাকার পর আজ বুধবার ভোর থেকে দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রথম দিনে পর্যটক ও দর্শনার্থীদের করোনা স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় টিকিট কেটে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে প্রবেশ করতে দেখা গেছে। তবে প্রথম দিনে পর্যটক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল কম। ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর পর্যটক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও বাগেরহাটের অপর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট সুন্দরবন করোনা পরিস্থিতির কারণে পর্যটকদের প্রবেশ এখনও নিষিদ্ধ।
বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদৌস জানান, দেশে করোনা পরিস্থিতির কারণে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে পর্যটক-দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়। সেই থেকে ১৮১ দিন বন্ধ থাকার পর, মন্ত্রণালয়ের নির্দেশে আজ বুধবার ভোর থেকে সবধরনের পর্যটক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে আগের মতো গেট দিয়ে একসাথে অনেক পর্যটক-দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হবে না। করোনা স্বাস্থ্যবিধি মেনে এই ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটে প্রবেশ ও ঘোরাঘুরি করা যাবে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট সুন্দরবন এখনই সব ধরনের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
লাইটনিউজ