বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

২০২০ সালে ঢাকায় বায়ু দূষণ বেড়েছে ১০.২%

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : এক বছরে রাজধানী ঢাকা শহরে বায়ু দূষণ ১০ শতাংশ হারে বেড়েছে বলে একটি যৌথ গবেষণায় উঠে এসেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ঢাকা শহরের ৭০টি স্থানের বায়ু দূষণের এই সমীক্ষা চালিয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই গবেষণা ফলাফল তুলে ধরেন বাপার যুগ্ম সম্পাদক ও ক্যাপসের পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

রাজধানীর পুরান ঢাকার আশেপাশের এলাকায় দূষণ সবচেয়ে বেশি বলে সমীক্ষায় উঠে এসেছে। আবাসিক এলাকা ধানমণ্ডি, গুলশান, বাড্ডা ও বনানীতে দূষণের মাত্রা বেড়েছে ‘আশঙ্কাজনকভাবে’।

ড. আহমদ কামরুজ্জমান বলেন, সামগ্রিকভাবে দেখা যায় যে ২০২০ সালে ঢাকা শহরের ৭০টি স্থানের গড় বস্তুকণা২.৫ ছিল প্রতি ঘনমিটারে ৩৩৫.৪ মাইক্রোগ্রাম। ভূমি ব্যবহারের উপর ভিত্তি করে ২০২০ সালে ৫টি এলাকার বস্তুকণা২.৫ গড় মান ছিল প্রতি ঘনমিটারে ৩৩৫.৪ মাইক্রোগ্রাম যা ২০১৯ সালের তুলনায় প্রায় ১০.২ শতাংশ বেশি। উল্লেখ্য যে, ২০১৯ সালে বস্তুকণা২.৫ গড় মান পাওয়া যায় প্রতি ঘনমিটারে ৩০৪.৩২ মাইক্রোগ্রাম।

পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা২.৫ এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি। এটি সাধারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো অর্থাৎ যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে সৃষ্টি হয়। তবে নির্মাণকাজ হতে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সাথে সংঘর্ষের ফলে অতিক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হতে পারে ।
তিনি জানান, ২০১৯ সালের মতো ২০২০ সালেও ভূমি ব্যবহারের উপর ভিত্তি করে ডিসেম্বর মাসে ঢাকা শহরের ৭০টি স্থানের বায়ুর মান পর্যবেক্ষেণের লক্ষ্যে বায়ুতে বস্তুকণা২.৫ এর উপস্থিতির পরিমাণ বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা করে।

এ গবেষণার অংশ হিসেবে ঢাকা শহরের ১০টি সংবেদনশীল, ২০টি আবাসিক, ১৫টি বাণিজ্যিক, ২০টি মিশ্র এবং ৫টি শিল্প এলাকার বায়ুর মান পর্যবেক্ষণ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD