স্টাফ রিপোর্টার : দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৫৭ জন।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্বে একদিনে আরও সাড়ে ৪ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে মহামারিতে মৃতের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ছাড়ালো। মোট আক্রান্ত ১ কোটি সাড়ে ৪৮ লাখ মানুষ।
২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজারে। আক্রান্ত প্রায় ৪০ লাখ। সোমবারও দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ৭শ’র বেশি মানুষ।
এদিকে দ্বিতীয় দেশ হিসেবে ব্রাজিলে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সোয়া ২১ লাখ। নতুন করে ৬শ’ মৃত্যুতে প্রাণহানি ২৮ হাজার ছাড়িয়েছে ভারতে। রেকর্ড ৩৭ হাজার সংক্রমণ শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখের বেশি।
চতুর্থ দেশ হিসেবে মৃতের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই মেক্সিকোতে। আক্রান্ত সাড়ে ৩ লাখ। প্রাণহানি বেড়েছে ইরান, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকায়।
লাইট নিউজ