রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে আলিম পরীক্ষা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে আলিম পরীক্ষা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ সালের আলিম পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এই পরীক্ষা, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। শনিবার (২ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, প্রথম দিন ২ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে কুরআন মাজিদ পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে ৪ জুলাই আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য, ৬ জুলাই বাংলা প্রথম পত্র, ৮ জুলাই বাংলা দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যান্য পরীক্ষার মধ্যে ১৩ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র, ১৫ জুলাই আরবি দ্বিতীয় পত্র, ১৬ জুলাই হাদিস ও উসূলুল হাদিস, ১৮ ও ১৯ জুলাই আল ফিকহ প্রথম ও দ্বিতীয় পত্র এবং ২২ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৫ জুলাই থেকে শুরু হবে বিজ্ঞান ও সাধারণ বিভাগের অন্যান্য বিশেষায়িত বিষয়ের পরীক্ষা, যা ৮ আগস্ট উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের মাধ্যমে শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ৯ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।

৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ব্যবহারিক সম্বলিত বিষয়ের ক্ষেত্রে সময় ও মান কিছুটা ভিন্ন হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তবে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর বা স্মার্টফোন ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে শিক্ষার্থীদের নিজ নিজ মাদ্রাসা থেকে প্রবেশপত্র সংগ্রহ করার পরামর্শও দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD