ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ইংল্যান্ড। ফিল সল্টের বিধ্বংসী ইনিংসে ভর করে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করল তারা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৩০৪ রান।
ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অধিনায়ক জস বাটলার। মাত্র ৩০ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। তার সঙ্গে ওপেনিং জুটিতে ফিল সল্ট ৭.৫ ওভারে যোগ করেন ১২৬ রান। এরপর ব্যাট হাতে ইতিহাস গড়েন সল্ট।
মাত্র ৬০ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন ফিল সল্ট, যা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি ভেঙে দেন লিয়াম লিভিংস্টোনের ৪২ বলের আগের রেকর্ড (পাকিস্তানের বিপক্ষে, ২০২১)। সল্টের ইনিংসে ছিল ১৫টি চার ও ৮টি ছক্কা।
মাঝে ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন জ্যাকব বেথেল (২৬) এবং হ্যারি ব্রুক (৪১ অপরাজিত)। পুরো ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলাররা ছিলেন একেবারেই অকার্যকর। সবচেয়ে খরুচে ছিলেন লিজাড উইলিয়ামস, মাত্র ৩ ওভারে দেন ৬২ রান। একমাত্র সফল বোলার ছিলেন বিয়র্ন ফোর্টুইন, তিনিই ফেরান বাটলার ও বেথেলকে।
টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় টেস্ট খেলুড়ে দল হিসেবে ৩০০ রানের গণ্ডি পার করল ইংল্যান্ড। এর আগে ভারতের সর্বোচ্চ ছিল ২৯৭ রান, যা ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদে করেছিল তারা। এবার সেই রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড।