সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

৩২ এর ঘটনায় ভারতের ইন্ধন আছে কি না জানতে চান মেজর হাফিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ভারতের ইন্ধন আছে কি না তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই হামলার ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান। সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছেন এই তথ্য আমাদের কাছে নেই, এতে সরকারের কী ভূমিকা ছিল সে তথ্যও আমাদের কাছে নেই। সুতরাং আর অল্প কিছু সময় আমরা অপেক্ষা করবো, আজকের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, তখন পূর্ণাঙ্গ সব তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির মনোভাব মিডিয়া ও জনগণের সামনে প্রকাশ করবো। অপূর্ণাঙ্গ তথ্য নিয়ে মন্তব্য করার সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপি ও ছাত্রদের আন্দোলন দমন করার জন্য পেশিশক্তির বারংবার ব্যবহার করেছে কুখ্যাত ছাত্রলীগ ও যুবলীগ। আমাদের স্মরণশক্তি অনেক কম, অনেকে ভুলে গেছেন, গাজীপুরের বিভিন্ন এলাকায়, টঙ্গীর পাশেই কীভাবে ১৫ জন সাধারণ মানুষ হত্যা করে ভ্যানে শুইয়ে রেখে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

কল্পনা করা যায়? তারা আপনার আমার ভাই, সন্তান। রাজপথে ন্যায্য দাবি করতে গিয়ে রাষ্ট্রীয় সাহায্যে জ্বালিয়ে দেওয়া আমরা প্রত্যক্ষ করেছি। আমরা এর অবসান চাই। অবসান হতে পারে একমাত্র গণতন্ত্রের মাধ্যমে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজ নানান ধরনের সংস্কারকে পূর্বশর্ত দেওয়া হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সংবিধান সংস্কারের কথা বলেছেন, একটি গ্রুপ বলেছে ৭২ এর সংবিধান ছুড়ে ফেলা হবে।

অনেক রক্তের বিনিময়ে জিয়াউর রহমান এবং ছাত্র-জনতার মিলিত সংগ্রামের ফলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। ৭২ এর সংবিধান একটি চমৎকার সংবিধান। এটি আওয়ামী লীগের সংবিধান নয়, এটি জনতার সংবিধান। আওয়ামী লীগ কাটাছেঁড়া করে এর অঙ্গহানি ঘটিয়েছে।

প্রয়োজন হলে সংবিধানে আরও সংযোজন করা যায়। কিন্তু যাই হোক, নতুন করে সংবিধান লেখা হোক বা সংশোধন করা হোক এই ব্যাপারে সিদ্ধান্ত সেবে দেশের সাধারণ জনগণ।

কোনো বুদ্ধিজীবী, কারও কোনো গুরু, বিদেশ থেকে আগত কোনো কোনো বুদ্ধিজীবীর পরামর্শে বাংলাদেশের সংবিধান নতুন করে লেখা বা সংশোধন করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সংবিধান সংযোজন বা সংশোধন একমাত্র অধিকার রাখে স্বাধীন পার্লামেন্ট, নিরপেক্ষ একটি পার্লামেন্ট। যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা এখনো তা পুরোপুরি দেখিনি, আমরা এই সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে মনোভাব জানাবে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD