শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

৪ অক্টোবর থেকে নতুন টোকেন, বিশৃঙ্খলা করলে কর্মী নেবে না সৌদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, আগামীকাল রোববার থেকে তা নবায়নের প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। এছাড়া আগামী ৪ অক্টোবর থেকে নতুন টোকেন দেওয়া শুরু হবে। বিশৃঙ্খলা তৈরি হলে সৌদি সরকার নতুন কোনো কর্মী বাংলাদেশ থেকে নেবে না বলে জানিয়েছে সৌদিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ।

এর আগে, আজ শনিবার ভোর থেকে কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদিয়া (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স) কার্যালয়ের সামনে জড়ো হয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন প্রবাসীরা। টোকেন পদ্ধতি বাদ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট বিক্রির জন্য এ বিক্ষোভ করেন তারা।

একপর্যায়ে সকাল পৌনে ১১টার দিকে তারা কারওয়ানবাজার সড়ক অবরোধ করেন। পরে ঘটনাস্থলে পুলিশের তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানান।

প্রবাসীরা জানান, যারা সৌদি আরব থেকে দেশে ফেরার সময় রিটার্ন টিকিট নিয়ে ফিরেছিলেন তাদের কোনো অগ্রাধিকার না দিয়েই গণহারে টোকেন দিয়ে যাচ্ছে সৌদিয়া। যার টাকা আছে, সে আগে টোকেন পাচ্ছে। অথচ যারা সৌদি যাওয়ার টিকিট কেটে বাংলাদেশে এসেছিল তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয়নি।

এদিকে আজ ২৬ সেপ্টেম্বর সকাল থেকে টোকেন নম্বর ৮৫১ থেকে ১২০০ এবং ২৭ সেপ্টেম্বর ১২০১ থেকে এক হাজার ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, সঠিক কোনো নির্দেশনা না থাকায় টিকিট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাড়তি অর্থ আদায়ের অভিযোগও করেন অনেকে।

কর্তৃপক্ষ জানায়, যাদের ১৬ থেকে ২০ মার্চের রিটার্ন টিকিট কাটা ছিলো আজ তাদের টিকিট দেওয়া হচ্ছে।

এদিকে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা করবেন ২৫০ জন যাত্রী। তবে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে ভোগান্তি পোহাতে হয়নি বলে জানান প্রবাসীরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD