পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) দেশের সকল ব্যাংক খুলতে যাচ্ছে। এদিন থেকে ব্যাংকের লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
এছাড়া বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। পাশাপাশি এদিন দেশের দুই শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং দুই শেয়ারবাজার (ডিএসই ও সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতো আগামীকাল থেকে সকাল ১০টা–বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে গিয়ে গ্রাহকেরা লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আর আগামীকাল থেকে ডিএসই ও সিএসইতে স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।
২৫ থেকে ৩১ মে (আজ) পর্যন্ত ঈদুল আজহার ছুটি উপলক্ষ্যে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। ফলে ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারও বন্ধ রয়েছে।
দেশে গত ২৮ মে ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে।