প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনটিকে ঘিরে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না।
উপসচিব ওয়ালীউল হাসানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটি উপভোগের সুযোগ থাকছে না।
এর আগে ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে একই বৈঠকে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেয়া হয়।