বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মাদক মামলায় পরীমণির বিচার শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই অভিযোগ গঠন করেন।

এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো। এ মামলায় স্বাক্ষ্যগ্রহণ শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে পরীমণি এবং এই মামলার বাকি দুই আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন নিজেদের নির্দোষ দাবি করেন।

পরীমণি ও বাকি দুজন আইনজীবীর মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছিলেন। বিচারক তাদের আবেদন খারিজ করে দেন। এর আগে পরীমণি আদালতে হাজির হয়ে বিচারিক আদালত থেকে জামিন নেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন সেশন জজ আদালত তাকে জামিন দিয়েছিলেন।

গত ১২ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত থেকে বনানী থানায় মাদক আইনে করা মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এর আগে ১০ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার পরীমণির জামিন মঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দীপুও জামিনে আছেন।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।

র‍্যাবের জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধারের কথা বলা হয়। পরীমণিকে গ্রেফতারের পর দফায় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে রুল দেন হাইকোর্ট। গত ৩১ অগাস্ট বিচারিক আদালত পরীমণিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD