মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

কৃষক হত্যায় মা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলায় কৃষক দুলাল মিয়া হত্যা মামলায় মা ও তিন ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় কিশোরগঞ্জের ১ নং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান খান এ রায় দেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে বাচ্চু মিয়া নামে একজন পলাতক রয়েছেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেখসুর খালাস দেওয়া হয়েছ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, একই এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৮), মো. ফেরদৌস মিয়া (২৮) ও সাদেক মিয়া (২৭) এবং তাদের মা মজ্জু বানু (৫৫)। বাকি দুজন হলেন, ওই এলাকার আবদুল মান্নান মো. জুবায়ের (২৮) ও আবদুল মান্নাফ খাঁ ফারুক মিয়া (৩০)।

জানা গেছে, ২০১৭ সালের ২৬ জুন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর ভূনা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে আসামিরা ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে দুলাল মিয়াকে আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় দুলাল মিয়ার স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে পরের দিন কটিয়াদী মডেল থানায় ১০জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ একই বছরের ২৪ ডিসেম্বর ৯ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে। এদিকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD