দেশে বর্তমানে চলছে করোনার তৃতীয় ঢেউ। এই ঢেউয়ে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর সম্মুখ সারির জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোর কর্মীরা আবারও ব্যাপকভাবে আক্রান্ত হতে শুরু করেছেন। এর মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ সদস্য, পাসপোর্টসহ অন্য প্রতিষ্ঠানের কর্মীরা। শুধু চিকিৎসক ও নার্স আক্রান্ত হয়েছেন এক হাজার ৫০০ জন।
অন্যদিকে করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ক্রমাগত বিধি-নিষেধের নির্দেশনা জারি করা হলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। অভিযোগ পাওয়া গেছে, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার পরও অনেকে সচিবালয়ে প্রবেশের সুযোগ পাচ্ছে। সচিবালয়ের প্রবেশপথেও প্রতিদিন লেগে থাকে ভিড়। জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের অনেকে করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হওয়ায় বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ তাদের অধীন প্রতিষ্ঠানগুলোর করোনায় আক্রান্ত কর্মীদের তালিকা করেছে। তাদের তালিকা অনুযায়ী, গত ২৫ জানুয়ারি পর্যন্ত করোনার তৃতীয় ঢেউয়ে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ফায়ার সার্ভিসের ৪৬২ জন, পুলিশের ৮২৪ জন, পাসপোর্ট অধিদপ্তরের ২০৬ জন, কারাগারে ৬৮৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, ওই বিভাগের অধীন যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোয় কতজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, কতজন সুস্থ হয়েছেন এবং কতজন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন, তার একটা তালিকা করা হয়েছে। এ ছাড়া করোনা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কতজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, সেই তালিকাও করা হয়েছে।
সচিবালয়ের চিত্র : গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেখা গেছে, সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশপথের সামনে ১৫ থেকে ২০ জন মানুষ দাঁড়িয়ে আছে। আসাদুল ইসলাম সচিবালয়ে প্রবেশ করতে নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন। কালের কণ্ঠকে তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তাঁর জরুরি কাজ রয়েছে। করোনার কারণে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় একটু অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। সোর্সের সঙ্গে যোগাযোগ হয়েছে। কিছুক্ষণের মধ্যে সে এসে নিয়ে যাবে। তিনি আরো জানান, এর আগে টাকা দিয়ে কয়েকবার প্রবেশ করেছেন তিনি। তবে কাকে কত টাকা দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন, সেই তথ্য জানাননি তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘সচিবালয়ে প্রবেশের জন্য বর্তমানে কোনো পাস দেওয়া হচ্ছে না। কিন্তু এর পরও অনেককে ভেতরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। কিভাবে কী হচ্ছে, বুঝতে পারছি না। করোনার এ অবস্থায় এটা তো আমাদের জন্য ঝুঁকি। ’
ওই দিন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে দেখা গেছে, গত বছরের মতো কড়াকড়ি নেই। এবার করোনায় সুস্থতার হার বেশি বলে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও খুব একটা ভয়ে নেই। জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘অর্ধেক জনবল নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু যে পরিমাণ কাজ তাতে রোস্টার করা হলেও সেটা মানা সম্ভব হচ্ছে না। ’
চিকিৎসক ও নার্স : ডক্টর ফাউন্ডেশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডা. নিরূপম দাস গতকাল শনিবার কালের কণ্ঠকে জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত আট হাজার ২৫৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার করোনার নতুন ধরন ওমিক্রনের তাণ্ডব শুরু হওয়ার পর গত ১৫ দিনে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০০ চিকিৎসক। আর দেশজুড়ে ৪০০ জন নার্স ওমিক্রন আসার পর আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ৩০০ জন। এ পর্যন্ত ২০৪ জন চিকিৎসক করোনায় মারা গেছেন।
গণমাধ্যমকর্মী : করোনার সম্মুখ সারির যোদ্ধা গণমাধ্যমকর্মীরাও আগের চেয়ে বেশি আক্রান্ত হতে শুরু করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘সাংবাদিকদের করোনায় আক্রান্তের হার আবারও বাড়ছে। আগে ডিআরইউতে রবিবার ও মঙ্গলবার করোনার টেস্ট করানো হতো। এখন পরিস্থিতি পাল্টে যাওয়ায় রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার করোনার টেস্ট করা হচ্ছে। প্রতিদিন গড়ে ৫০ জন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা আমাদের এখানে টেস্ট করাতে আসছেন। এর মধ্যে ৫০ শতাংশের বেশির করোনা ধরা পড়ছে। ’
ফায়ার সার্ভিস : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্র জানায়, গত কয়েক দিনে ফায়ার সার্ভিসের ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। ৪৪৯ জন সুস্থ হয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ময়মনসিংহ বিভাগের উপপরিচালক আবুল হোসেন, টেলিফোন অপারেটর আইরিন পারভীন, ময়মনসিংহের ফায়ার ফাইটার সালেহ আহমেদ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে। ’
পুলিশ : দেশজুড়ে গত এক সপ্তাহে ৮২৪ জন পুলিশ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের। করোনায় এ পর্যন্ত ১০৭ জন পুলিশ সদস্য মারা গেছেন। গত বছর করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে প্রায় ৩০ হাজার পুলিশ ও র্যাব সদস্য করোনায় আক্রান্ত হন। বর্তমানে তৃতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২৪ জন পুলিশ সদস্য।
ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘করোনা থেকে রক্ষা পেতে আমরা স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। কেউ আক্রান্ত হলে তাদের আইসোলেশনে রাখা হচ্ছে। ’
কারাগার : দেশের ৬৮টি কারাগারে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী ও বন্দিদের মধ্যে নতুন করে ৬৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ জন চিকিৎসাধীন। অন্যরা সুস্থ হয়েছেন। এ পর্যন্ত কারাগারে করোনায় মারা গেছেন তিনজন।
পাসপোর্ট অধিদপ্তর : এই অধিদপ্তরে নতুন করে ২০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আটজন চিকিৎসাধীন। অন্যরা সুস্থ হয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর : এই অধিদপ্তরে আক্রান্ত হয়েছেন ২০৬ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ২১ জন। অন্যরা সুস্থ হয়েছেন। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে মারা গেছেন তিনজন।