বেলজিয়ামে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমতে শুরু করায় লকডাউন শিথিল করে জনজীবন স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে দেশটির মসজিদগুলো। এছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে ও জিম খুলে দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
ডেইলি সাবাহর বরাতে জানা যায়, বেলজিয়ামে লকডাউন শিথিল হওয়ায় কয়েক মাস পর সেখানে থাকা মুসল্লিরা মদজিদে নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন। তবে মুসল্লিদের ওপর বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে বেলজিয়াম সরকার।
শর্তগুলোর মধ্যে অন্যতম, বাড়ি থেকে ওজু করে এবং নিজস্ব জায়নামাজ নিয়েই মসজিদে আসতে হবে সবাইকে। মসজিদের ওজুখানা ও টয়লেট বন্ধ থাকবে। মসজিদে একে ওপরের থেকে এক দশমিক ৫ মিটার দূরে থেকে নামাজ আদায় করতে হবে।
এর আগে ইউরোপের আরেক দেশ স্পেনও দেশটিতে থাকা মসজিদগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পেন সরকারও মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক মসজিদে ১৫০ জনের ওপর জামাতে নামাজ আদায় করা যাবে না। নামাজ পড়তে আসা সবার মধ্যে এক মিটারের সামাজিক দূরত্ব থাকতে হবে। নিজস্ব জায়নামাজ ও মাস্ক ছাড়া মসজিদে আসা যাবে না। বাড়ি থেকে সবাইকে ওজু করে আসতে হবে। সবার সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে। বয়স্ক ও শিশুদের মসজিদে না আসাই ভালো।
লাইট নিউজ/আই