শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :

ফিরিয়ে নেওয়া হতে পারে উইল স্মিথের অস্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

হলিউড অভিনেতা উইল স্মিথ। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার আসর তার কাছে স্মরণীয় হয়েই থাকবে।

অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রকের গালে থাপ্পড় মেরে আলোচনা-সমালোচনার জন্ম দেন উইল স্মিথ। অবশ্য পরবর্তী সময়ে এ নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান। অ্যাকাডেমির সদস্যপদও ছেড়েছেন স্মিথ।

এদিকে এবার অস্কারে সেরা অভিনেতার পুরস্কারও জেতেন। ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য পুরস্কারটি হাতে নেওয়ার ঠিক আগেই ঘটে থাপ্প্ড় কাণ্ড। প্রথমবার অস্কার জেতা উইলের ভাগ্য সহায় হলো না। তার এই অস্কার পুরস্কার ফিরিয়ে নেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ঘটনার পরই অ্যাকাডেমির পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। তবে নির্দিষ্ট করে কোনো পদক্ষেপের কথা বলা হয়নি। উইল স্মিথের অস্কার ফিরিয়ে নেওয়া হবে কিনা, তা নিয়ে একাধিকবার বৈঠকে বসেছেন অ্যাকাডেমি বোর্ডের সদস্যরা। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

গত ২৮ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল ৯৪তম অস্কারের আসর। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। মঞ্চে অভিনেতা উইল স্মিথের স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে কৌতুক করেন তিনি। তবে বিষয়টি হালকাভাবে নেননি দর্শকসারিতে বসে থাকা উইল স্মিথ। মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে কষে এক থাপ্পড় মারেন এই অভিনেতা। আকস্মিক এই ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত অতিথিরা।

যদিও পরে ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে উইল স্মিথ এক বিবৃতিতে লেখেন, ‘আমি জনসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। নিজের সীমা অতিক্রম করে গিয়েছিলাম। আমি ভুল করেছি। আমার কাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যেমন মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়। ভালোবাসা ও দয়ার পৃথিবীতে সহিংসতার কোনো স্থান নেই।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD