রাজধানীর ঠাটারিবাজারে সবজি ও মাছ দোকানিদের নিয়ে ডিএসসিসির জারি করা ইজারা বিজ্ঞপ্তির ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্চ আদালত রুল জারি করে জানতে চেয়েছেন যে, নতুন করে জারি করা ইজারা বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চূড়ান্ত বরাদ্দ থাকা অবস্থায় নতুন করে ঠাটারিবাজারে মাছ ও সবজি দোকান নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন। এ বিষয়টি চ্যালেঞ্জ করে কাপ্তান বাজার ও ঠাটারিবাজার মৎস্য, কাঁচামাল সবজি বিক্রেতারা গত ৬ নভেম্বর একটি রিট দায়ের করেন।
রিটে স্থানীয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, বিভাগীয় কমিশনারসহ ১৫ জনকে বিবাদী করা হয়েছে। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ, ডিএসসিসির পক্ষে ছিলেন মিজবাহুর রহমান। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি নওরোজ রাসেল চৌধুরী।
শুনানি শেষে আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ বলেন, কাপ্তান বাজার ও ঠাটারিবাজারের মাছ ও সবজি বিক্রেতা ১৯৯ ব্যক্তি সিটি করপোরেশনের একটি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন। শুনানি শেষে আদালত সিটি করপোরেশনের বিজ্ঞপ্তির ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
তিনি বলেন, আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের জবাব দেওয়ার আগ পর্যন্ত সময় ১৯৯ দোকানিকে কোনো হয়রানি করা যাবে না বলে রুলে বলা হয়েছে।