বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শান্তি রক্ষায় অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার ডিএমপি ওয়ারী বিভাগের আয়োজনে ধলপুর কমিউনিটি সেন্টারে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সবসময় আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মানবিক কাজও করে থাকে। করোনা মহামারির সময়ে যখন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দুস্থ ও অসহায় মানুষের কোনো কাজ ছিল না, তখন পুলিশ তাদের বেতনের টাকা থেকে এসব মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে।

তিনি বলেন, আপনাদের এলাকায় যারা মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত তাদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। আপনাদের সন্তান, আত্মীয়-স্বজন মাদক কারবারসহ কোনো ধরনের অপরাধে জড়িয়ে পরলে সেই তথ্য দিয়েও আমাদের সহযোগিতা করবেন। আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করলে আপনার এলাকায় শান্তি বিরাজ করবে।

খন্দকার গোলাম ফারুক বলেন, আপনারা সহযোগিতার হাত না বাড়ালে পুলিশের পক্ষে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব নয়। পুলিশ যেমন বিপদে-আপদে আপনাদের পাশে দাঁড়ায় তেমনি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের সঙ্গে নিয়েই আমরা ভালো কাজ করতে চাই। সমাজে ভালো কাজের জন্য সবার সহযোগিতা কামনা করছি।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD