রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের ৭ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
জানা গেছে, আগুন লাগার পরপরই ভবন থেকে তাড়াহুড়ো করে অনেকেই নেমে আসেন। আবার ভেতরে অনেকেই আটকা পড়েছেন। তারা বাঁচার জন্য চিৎকারও করছেন। তবে রাত সাড়ে ৮টার দিকে আগুনের তীব্রতা কমতে থাকায় এসময় উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে সার্ভিসের কর্মীরা। তারই অংশ হিসেবে ইতোমধ্যে ভবনের ভেতর থেকে চার জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আনোয়ার হোসেন বলেন, ধোঁয়ার কারণে আমরা অনেকেই ভেতরে আটকা ছিলাম। ফায়ার সার্ভিস উদ্ধার করায় কোনমতে বেঁচে আছি। অনেকেই ভেতরে এখনো আটকা পড়ে আছে।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আগুন ভবনের সাত তলায় ধরলেও তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার কিংবা ক্যাবল পুড়ে ধোঁয়া ছড়িয়ে গেছে ভবনের বিভিন্ন ফ্লোরে। এ কারণে ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযান পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে। ধোঁয়া বের হতে ভবনের দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হচ্ছে।