বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শহীদ মিনারে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ, হাসপাতালে ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার সরকারি মাহাতাব উদ্দিন কলেজে এ ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে মাহাতাব উদ্দিন কলেজে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও বিএনপি। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটে। এ সময় ছয়জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জানান, মঙ্গলবার সকালে শহীদ মিনারের পাশে আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে হামলা করে। ফিরে যাওয়ার সময় তারা একা পেয়ে ছাত্রলীগ কর্মী ইরফান রাজাকে কুপিয়ে আহত করে। একই সঙ্গে একটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জানান, মঙ্গলবার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে কলেজের বাইরে গেলে ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়ে। এ সময় আমাদের নেতাকর্মীরা ঘুরে গিয়ে প্রতিহত করে। পরে আমাদের কয়েকজন আহত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, রুকুর শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে। ইতোমধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, মঙ্গলবার সকালে মাহাতাব উদ্দিন কলেজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD