বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কুড়ালিয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৭) ও তার ভাই মুকুল (২৪)। আহতরা হলেন, একই গ্রামের অটোরিকশা চালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামনি হোসেন ঘটনাস্থল থেকে বলেন, শহরের কাঠেরপুল থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে লিপি খাতুন ও মুকুলকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD