কাতার বিশ্বকাপে হেক্সা মিশনে ব্যর্থতার চাদর গায়ে জড়িয়ে বিদায় নিয়েছিল পাঁচবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এবার ব্যর্থতার কথা ভুলে নতুনরূপে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর তানজিয়ের শহরের ইবনে বতুতা স্টেডিয়ামে রোববার (২৬ মার্চ) ভোরে মাঠে নামবে সেলেসাওরা।
কাতার বিশ্বকাপ বিরতি শেষে এবারই প্রথম মাঠে নামবে সেলেসাওরা। তবে অনেকটা নতুন মোড়কেই নামছে দলটি। কাতার বিশ্বকাপ দলের ১৫ জনকেই রাখেননি নতুন কোচ। দ্য আটলাস লায়ন্সদের বিপক্ষে ডাক পেয়েছেন নতুন ৯ জন।
চোটের কারণে দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেস, রাফিনিয়াদের। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণের পথে ডাক পেয়েছেন জেতা আন্দ্রে সান্তোস, ভিটর রকি, রবার্ত রেনান, মিকাইলের মতো উদীয়মান ফুটবলাররা।
ম্যাচটি সামনে রেখে ভারপ্রাপ্ত কোচ র্যামন মেনেজেসের অধীনে নিজেদের ঝালিয়েও নিয়ে ভিনিসিয়াসরা। নতুন কোচের হাত ধরে আবারও ঘুরে দাঁড়ানো ব্যাপারে আশাবাদী সেলেসাওরা।
দলটির তারকা ফুটবলারদের অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্টের আস্থার কারণ হতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকুয়েতা। আর গোলবার সামানোর দায়িত্বে এডারসন। দলের নেতৃত্বে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণাত্মক মিডফিল্ডার ক্যাসেমিরো।
রক্ষণভাগে সেলেসাওদের আস্থার নাম হতে পারেন এমারসন রয়্যাল, এডার মিলিটাও, রেনান লোদি এবং ব্রেমার। এ ছাড়া আক্রমণে ভিনি ও রদ্রিগোমর সঙ্গে থাকতে পারেন অ্যান্টোনি।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : এডারসন, রেনান লোদি, ব্রেমার, এডার মিলিটাও, এমারসন রয়্যাল, সান্তোস, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা ও অ্যান্টোনি।