বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈমকে নিষিদ্ধ করল ফিফা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

শুক্রবার (১৪ এপ্রিল) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।

ফিফা জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)।

ফিফা জানিয়েছে, প্রযোজ্য কর্মধারায় তদন্তকারী চেম্বারে পরিচালিত তদন্তের সময় সংগৃহীত প্রমাণগুলো ছাড়াও বিচারক চেম্বার সন্তুষ্ট ছিলেন। শুনানি পরিচালনা শেষে তার উপস্থাপিত প্রমাণগুলো যত্নসহকারে বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, তিনি ফিফার অনুচ্ছেদ-১৩ লঙ্ঘন করেছেন। এ ছাড়াও ফিফার কোড অফ এথিকস ২০২০ সংস্করণের সাধারণ কর্তব্য-১৫ (আনুগত্যের দায়িত্ব) এবং অনুচ্ছেদ-২৪ অনুযায়ী জালিয়াতি এবং মিথ্যাচার করেছেন।

এর আগে, আর্থিক অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদরদফতর জুরিখে যান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে শেষ রক্ষা হলো না তার। ফিফার স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়লেন তিনি। তার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে ভুল কাগজপত্র দেখিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD