ফিফা কর্তৃক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই তদন্ত কমিটির কাজকর্ম নিয়েও প্রশ্ন উঠেছে আগেই। এবার কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ জানালেন, অভিযুক্ত সোহাগকে আপাতত তলব করা হবে না। যদিও যেকোনো তদন্তেই অভিযুক্তের বক্তব্য শোনা হয়। এমনকি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীকেও তারা তদন্তের আওতার বাইরে রাখবেন।
আজ রবিবার বাফুফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাজী নাবিল আহমেদ বলেন, ‘তাকে (সোহাগ) ডাকার কোনো অবকাশ নেই। তার বিষয়ে ফিফা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। উনি আপিল করেছেন।’ এরপর তাকে প্রশ্ন করা হয়, তদন্তের কাজে সোহাগের বক্তব্য কি শোনা হবে না? জবাবে কাজী নাবিল বলেন, ‘তদন্তের স্বার্থে যেকোনো কিছু করা যেতে পারে। তবে এই মুহূর্তে নয়।’ তাহলে কাদের বিরুদ্ধে তদন্ত করবে বাফুফে? জবাবে নাবিল বলেন, ‘ফিফার রিপোর্টে যাদের দিকে আঙুল উঠেছে, তাদের একে একে ডেকে আমরা কথা বলব।’
সোহাগ যেহেতু আর্থিক দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছেন, তাই এর দায়ভার বাফুফের ফিন্যান্স কমিটির ওপরেও বর্তায়। যে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবার আব্দুস সালাম মুর্শেদী। কিন্তু বাফুফের এই প্রভাবশালী কর্মকর্তাকে তদন্তের বাইরে রাখা হচ্ছে! তদন্তের স্বার্থে মুর্শেদীকে ডাকা হবে কি না―এমন প্রশ্নে নাবিল বলেন, ‘তদন্তে না। তার সঙ্গে আমরা যেকোনো সময় আলাপ করতে পারি। কিভাবে কী হয়েছিল, কিভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ওনার যদি কোনো বক্তব্য থাকে, সেটা আমরা জানতে পারি।’
উল্লেখ্য, সোহাগের আর্থিক কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছিল বাফুফে। ১০ সদস্যের সেই কমিটি থেকে দুজন পদত্যাগ করেছেন। গত ২ মে বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়, প্রথম সভার পর ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। সেই ৩০ কার্যদিবস কবে শেষ হবে কেউ জানে না। কাজী নাবিল আজ জানালেন, তারা নাকি আজ থেকেই কাগজপত্র পরীক্ষা করা শুরু করেছেন। বাফুফে সেক্রেটারিকে ফিফার অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র দেওয়ার জন্য বলা হয়েছে।