ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক নির্বাচনের জন্য জরুরি সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছিল। তবে জরুরি সভা শেষে নতুন অধিনায়কের নাম জানাতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে হবেন সেটার দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে অধিনায়কের নাম জানাবেন। সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের অধিনায়কের নাম ঘোষণা করা হবে।
বিশ্বকাপের দল ঘোষণার জন্য যেহেতু সময় আছে, সেটা বিসিবি আরেকটু সময় নিয়ে করতে চায়।’
ওয়ানডে অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্টার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। এ প্রসঙ্গে জালাল বলেন, ‘সম্ভাব্য যারা রয়েছেন, আজ থেকেই বোর্ড সভাপতি তাদের সঙ্গে আলোচনা করবেন। সম্ভাব্য তালিকায় সাকিব, লিটন ও মিরাজের নাম রয়েছে।