গত কয়েকদিন ধরে ফুটবল অঙ্গনে আলোচনার শীর্ষে একটি বিষয়- জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে যোগ দেওয়া।
শুক্রবার আর্জেন্টিনার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবলার হিসেবে আর্জেন্টিনার লাতিন আমেরিকার কোনো ক্লাবে খেলার ইতিহাস গড়লেন ডেনমার্কে বেড়ে ওঠা এই মিডফিল্ডার।
আগামীকাল (রোববার) শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। লক্ষ্য ৪ ও ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। এই ক্যাম্পের শুরু থেকে জামালকে পাওয়া যাবে না সেটা আগে থেকেই অনুমিত ছিল।
শনিবার বাফুফে ভবনে ক্যাম্পের জন্য ৩২ ফুটবলারের নাম ঘোষণা করেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। এর মধ্যে আছেন জামাল ভূঁইয়াও। তাকে কি ক্যাম্পে পাওয়া যাবে?
জামাল ভূঁইয়ার আর্জেন্টিনা ক্লাবের চুক্তি প্রসঙ্গে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাবে যোগ দিয়েছেন, এটা ভালো খবর। এটা কেবল জামালের জন্যই নয়, বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো খবর। সবার জন্যই ভালো খবর।
জামালের আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়া প্রমাণ করে দেশের বাইরে খেলার মতো প্রতিভা আমাদের আছে। আমাদের অবশ্যই তাকে সমর্থন জানাতে হবে।’
জামালকে কবে নাগাদ ক্যাম্পে পাওয়া যাবে, সে প্রসঙ্গে ক্যাবরেরা বলেছেন, ‘জামাল তখনই ক্যাম্পে যোগ দেবেন যখন তার ক্লাবে তাকে রিলিজ দেবে। এটা ক্লাবের অধিকার। আমরা অবশ্যই ক্লাবের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। জামাল যখন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন, তখন
তাকে স্বাগত জানাবো। আমি আশা করি, জামালকে প্রথম ম্যাচের আগের পুরো সপ্তাহ ক্যাম্পে পাবো। তবে এটা নিশ্চিত নয়। আমরা ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত সবকিছুই ইতিবাচক আছে।’
আগামীকাল (রোববার) জামাল ভূঁইয়ার নতুন ক্লাবের ম্যাচ আছে। জামাল এই ম্যাচে খেলবেন কিনা তা নির্ভর করছে আইটিসি পাওয়ার ওপর।