সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :

সৌদির সকল গন্তব্যে বাড়তি ফ্লাইটের সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

সৌদি আরবের যে কোন গন্তব্যে আরো বেশি ফ্লাইট চালানোর সুযোগ পাবে বাংলাদেশের বিমান সংস্থাগুলো। বাড়তি ফ্লাইট ও কার্গো ফ্রিকোয়েন্সি কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে আকাশপথে নতুন দুয়ার উন্মোচিত হবে। এ জন্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং সৌদি আরবের পক্ষে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল দুয়াইলেজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
জানা গেছে, ২০১২ সালের হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী বর্তমানে বাংলাদেশি বিমান সংস্থা সৌদি আরবের শুধু জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও মদিনা এই চারটি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করার সুযোগ পাচ্ছে।

নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মনোনীত বিমান সংস্থা বাংলাদেশের যেকোনো পয়েন্ট থেকে সৌদি আরবের যে কোনো আন্তর্জাতিক পয়েন্টে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বাংলাদেশ থেকে সৌদি আরবে পরিচালিত ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়বে।

বর্তমানে নির্ধারিত ৪৯টি যাত্রী ও কার্গো ফ্লাইট ফ্রিকোয়েন্সির পরিবর্তে ৪৯টি যাত্রী এবং নতুন করে ২১টি কার্গো ফ্লাইটের সুবিধা পাবে বাংলাদেশের বিমান সংস্থাগুলো। ২১টি কার্গো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফিফথ ফ্রিডম ট্রাফিক রাইটসের আওতায় চারটি মধ্যবর্তী অথবা দূরবর্তী পয়েন্ট ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করা যাবে। এ চারটি পয়েন্ট পরবর্তীতে নির্ধারণ করা হবে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাজওয়ান আল রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে অন্যতম এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফলে দুই দেশের এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো বাড়বে। এটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ সহযোগিতার সকল ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন সম্পন্ন হয়েছে। বন্ধু রাষ্ট্র হিসেবে সৌদি আরব বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ করলে তাকে আমরা স্বাগত জানাব।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, সৌদি আরবে একটি বড় বাংলাদেশি সম্প্রদায়ের বসবাস রয়েছে যারা দুই দেশের উন্নয়নেই ভূমিকা রাখছেন। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী বিমান চলাচলের সংখ্যা বাড়ায় দুই দেশই এর সুফল পাবে।

সৌদি আরবের মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের আন্তরিক আতিথেয়তা এবং চমৎকার প্রাকৃতিক পরিবেশের কারণে বাংলাদেশের পর্যটনের বিকশিত হওয়ার বড় সুযোগ রয়েছে। যে কোনো পর্যটক বাংলাদেশের আতিথেয়তাকে আজীবন মনে রাখবে। সৌদি আরব ভবিষ্যতে বাংলাদেশের পর্যটনের উন্নয়নে সহায়তা করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD