ভারতীয় চলচ্চিত্রের সেরা ও সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় পুরস্কার’ ঘোষনা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। বিজয়ীদের নাম বৃহস্পতিবার (২৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত একটি প্রেস মিটে ঘোষণা করা হবে। বহুল প্রত্যাশিত আয়োজনটি বলিউড সহ ভারতের আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর মাঝে সেরা কাজগুলোকে স্বীকৃতি দেবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ৬৯তম বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হবে।
সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী থেকে সেরা চলচ্চিত্র, একাধিক পুরস্কার বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বিকেল ৫টায়। এ বছর জাতীয় পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কঙ্গনা রানাওয়াত। গাঙ্গুবাই কাঠিওয়ারিতে আলিয়ার অভিনয় নতুন ল্যান্ডমার্ক তৈরি করেছে অভিনেত্রীর ক্যারিয়ারে। অপরদিকে ‘থালাইভি’তে কঙ্গনা রানাওয়াতও প্রশংসনীয় অভিনয় করেছেন।
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দক্ষিণের সিনেমাগুলো শক্ত অবস্থানে দখল করে আছে। রিপোর্ট অনুযায়ী, মালায়ালাম ফিল্ম ‘নায়াত্তু’ অভিনেতা জোজু জর্জ এ বছর জাতীয় পুরস্কার ঘরে তুলতে পারেন। তিনি সেরা অভিনেতার পুরস্কারের জন্য শক্তিশালী একজন প্রতিযোগী।
এদিকে জাতীয় পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন দক্ষিণের তারকা রামচরণ ও আল্লু অর্জুনও।
‘আরআরআর’এর জন্য রামচরণ ও ‘পুষ্পা’র জন্য আল্লু অজুর্ন সেরার দৌড়ে রয়েছেন। আর মাধবনের পরিচালনায় ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ চলচ্চিত্র বিভাগে আরেকটি শক্তিশালী প্রতিযোগী। সেরা অভিনেতার পুরস্কারেও তার সুযোগ রয়েছে। এছাড়াও মালায়লাম ইন্ডাস্ট্রির সুপারহিরো চলচ্চিত্র ‘মিন্নাল মুরালি’ পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছে। এছাড়াও মালায়লাম চলচ্চিত্র ‘নায়াত্তু’ এবং ‘মেপ্পাদিয়ান’ সেরা চলচ্চিত্রের তালিকায় রয়েছে।
এছাড়াও অস্কারজয়ী সুরকার এম এম কিরাভানিও দক্ষিণ থেকে সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে রয়েছেন।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া