ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে থেকেই একের পর এক ইনজুরিতে জর্জরিত শ্রীলঙ্কা। নিজেদের অন্যতম সেরা তারকা ওয়ানিন্দু হাসারঙ্গাকে ছাড়াই এবারের বিশ্বকাপ খেলতে আসে ১৯৯৬ চ্যাম্পিয়নরা। ভারতে এসেও স্বস্তিতে নেই লঙ্কানরা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের কাছেও হেরেছে তারা। এমন হারের বৃত্তে থাকা লঙ্কান শিবির এবার পেল বড় দুঃসংবাদ। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তাদের অধিনায়ক দাসুন সানাকা।
মূলত থাই ইনজুরির কারণে ভারত বিশ্বকাপ শেষ হয়ে গেল এই অলরাউন্ডারের। সানাকার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। অধিনায়কের পরিবর্তে দলে যোগ দিয়েছেন চামিকা করুনারত্নে।
এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির টেকনিক্যাল কমিটি সানাকার বদলি ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত ব্যাপারে অনুমতি দিয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ড সেই বিবৃতিতে আরো জানায়, ১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সময় থাই ইনজুরিতে পড়েন সানাকা। আর সুস্থ হয়ে উঠতে কম পক্ষে আরও তিন সপ্তাহ সময় লাগবে।
সানাকার বদলে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হওয়া চামিকা করুনারত্নে লঙ্কানদের হয়ে ২৩টি ওয়ানডে খেলেছেন। আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা।