হারের বৃত্তে বিশ্বকাপে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর হেরেছে টানা তিন ম্যাচে। ফলে স্বাভাবিকভাবেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব-মিরাজদের ‘ব্যাটিং-বোলিং অর্ডার’। হারের বৃত্তে ঘুরতে থাকা টাইগাররা নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে। ওই ম্যাচ ঘিরে রয়েছে টাইগার শিবিরে দুঃসংবাদ।
বিশ্বকাপে কাঁধের পুরনো চোট ফিরে এসেছিল তাসকিনের। যার কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৬ ওভার বোলিং করেন তিনি। একই কারণে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে নিজের বোলিং কোটা সম্পূর্ণ করতে পারেননি তিনি। যার ফলে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশের বাহিরেই রাখা হয় তাকে। এদিকে সেই চোট পুরো ভাবে না ঠিক হওয়ায় প্রোট্রিয়াদের বিপক্ষেও তাসকিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
জানা গেছে, এখনও চোট সারেনি তাসকিনের। পুনেতেই তার কাঁধের এমআরআই করানো হয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে আছেন তিনি। সূত্র বলছে, প্রোটিয়াদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তাসকিনের। তবে বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে পারেননি তাসকিন। তিন ম্যাচে ১২৬ রান খরচায় তার শিকার মাত্র ২ উইকেট। অথচ গত বছর থেকে বাংলাদেশের সেরা পেসারের তকমা পেয়েছেন তাসকিন। তিন ফরম্যাটে ৫০ ম্যাচে তিনি নিয়েছেন ৭৬ উইকেট, ওয়ানডের ক্ষেত্রে সংখ্যাটা ৩৭। তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের আর কোনো পেসার। তবে বিশ্বকাপে সেই চেনা ছন্দে নেই তাসকিন।