শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত,’ শান্তকে প্রধান উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানের মাটিতে পাওয়া অবিস্মরণীয় সাফল্যের পর ড. মুহাম্মদ ইউনূসের ফোন পেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তাকে অভিনন্দন জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। পাশাপাশি ড. ইউনূস জানালেন, দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ১৮৫ রানের লক্ষ্য মিলিয়ে ফেলে তারা। একই ভেন্যুতে প্রথম টেস্টে শান্তর নেতৃত্বাধীন দল জিতেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ফলে দুই ম্যাচের
সিরিজে শক্তিশালী পাকিস্তানকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করার মধুর স্বাদ পেল তারা।

সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর মুঠোফোনে শান্ত ও গোটা বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশের দলনেতাকে বলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’

ড. ইউনূস আরও বলেন, দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার স্বীকৃত ফেসবুক পেজ থেকেও টাইগারদের অভিনন্দন জানিয়ে একই পোস্ট করা হয়েছে। সেখানে একটি ছবিতে তাকে মুঠোফোনে শান্তর সঙ্গে কথা বলতে দেখা যায়।

প্রথমবারের মতো কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জেতা ও তাদেরকে হোয়াইটওয়াশ করার স্বাদও পেয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে ১৫ বছর আগে তারা ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ২০০৯ সালে। তবে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বনিবনা না হওয়ায় সেবার খেলেছিল দ্বিতীয় সারির ক্যারিবিয়ান দল।

সব মিলিয়ে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া ২০২১ সালে জিম্বাবুয়ের মাঠে সিরিজ জিতেছিল টাইগাররা। সেটা ছিল এক ম্যাচের সিরিজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD