বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শাকিবের সঙ্গী হলেন সিয়াম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

ঢালিউডের দুই নায়ক শাকিব খান ও সিয়াম আহমেদ। সময়ের ব্যবধানে আলাদা দুটি প্রজন্মের প্রতিনিধি তারা। তবে দর্শকের ভালোবাসার যে বাগিচা সেখানে দুজনেই তাজা দুটি ফুল। বয়সকে হার মানিয়ে শাকিব খান এখনো তার পরবর্তী প্রজন্মের নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে করে যাচ্ছেন রোমান্স, অ্যাকশন।

রুপালি পর্দার সবচেয়ে হিট নায়কও শাকিব। তাই ভক্তরা যতোই তর্কে জড়াক কিংবা যার যার প্রিয় নায়ককে এগিয়ে রাখার বাহাস করুক শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বরং তাকে প্রেরণা হিসেবেই গ্রহণ করেন সিয়ামেরা। অনেক সিনেমাপ্রেমীরাই প্রত্যাশা করেন শাকিব খান তার পরবর্তী
নায়কদের নিয়ে একসঙ্গে সিনেমা করুন। মাঝেমাঝে অবশ্য অনেককে দেখাও যায় ঢালিউড সুপারস্টারের সঙ্গে। সেইসব সিনেমা সবসময়ই থাকে আলোচনায়।

সেই ভাবনা থেকেই শাকিবের সঙ্গে সিয়ামের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দুই প্রজন্মের ‍দুই নায়ককে একসঙ্গে দেখা গেছে। যা বেশ কৌতুহলের জন্ম দিয়েছে তাদের ভক্তদের মনে। সিনেমাপ্রেমীরাও ভাবছেন, ঘটনা কী?

ছবিটির খোঁজ নিতে গিয়ে পাওয়া গেল আরও কিছু ছবি। সেসব দেখে নিশ্চিত হওয়া গেল, কোনো সিনেমা নয়, শাকিব-সিয়াম এক হয়েছেন বাণিজ্যিক একটি চুক্তিতে।

একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত আছেন শাকিব খান। সেই প্রতিষ্ঠানেরই দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর ভাইরাল ছবিটিও সেই সূত্রে তোলা।

জানা যায়, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আরেক নায়ক মামনুন হাসান ইমনও। এর আগে পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন।

তাদের পর এবার যুক্ত হলেন অভিনেতা সিয়াম। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাবে শাকিব খানের কোম্পানি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD