পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গত দুই-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা বাংলাদেশ ও ভারত উভয়কেই প্রভাবিত করছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
তৌহিদ হোসেন বলেন, চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ। সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দরিদ্রতা কাটিয়ে ওঠা সম্ভব।