আনুষ্ঠানিকভাবে কোনো বিষয়ভিত্তিক আলোচনা আজ হয়নি বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বলতে পারেন জাতীয় ঐকমত্য কমিশনের এটি উদ্বোধন। যেটা আজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে এসব কথা বলেন তিনি।
বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশন থেকে বলা হয়েছে কোনো প্রস্তাবনা ঐক্যমত কমিশন বা সরকারের পক্ষ হতে চাপিয়ে দেওয়ার মনোভাব নেই।
তিনি আরও বলেন, জাতীয় নেতারা আছেন। তারা সবাই বলেছেন, এ সরকারের প্রতি রাজনৈতিক দলের যেমন সমর্থন রয়েছে, তেমনি জনগণের বিপুল সমর্থন রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়েরও বেশ সমর্থন আছে।
সাইফুল হক বলেন, যেসব প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হতে পারবে সেই ভিত্তিতে আলাপ আলোচনা করে তারা চেষ্টা করবে একটি জাতীয় সনদ তৈরি করার। সেই সনদের ভিত্তিতে পরবর্তীতে জাতীয় নির্বাচন, সংবিধান সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের যে প্রশ্ন তা বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন কোনো প্রস্তাবনা ঐকমত্য কমিশনের ভিত্তিতে বা সরকারের ভিত্তিতে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব তাদের নেই। আলাপ-আলোচনা করে, একটি বোঝাপড়া তৈরি করে যে প্রশ্নে আমরা ঐকমত্য হতে পারব সেই ভিত্তিতে অধ্যাপক আলী রিয়াজ চেষ্টা করবেন একটি জাতীয় সনদ তৈরি করার। জাতীয় সনদের ভিত্তিতে পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন বা সংবিধান সংস্কার প্রশ্নে আলোচনা হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আরেকটা বিষয় প্রফেসর ইউনূস পরিষ্কার করে বলেছেন আজ; ভারত তাদের বাংলাদেশ বিরোধী নীতিকে একটা বিপর্যয়ে ফেলেছে। সর্বশেষ ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রী দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু বাস্তবে অভ্যুত্থান ও জনগণের বিরুদ্ধে ভারতের নালিশ আমলে নেয়নি সেই কথা স্পষ্ট করে প্রধান উপদেষ্টা বলেছেন।
তিনি আরও বলেন, অনেক কমিশন হয়েছে কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। আমরা এ বিষয়ে প্রস্তাবনা দিয়েছি।