ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিলে দারুণ কীর্তি দেখালেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টপকে গেলেন স্বদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তাও আবার ১০টি ম্যাচ কম খেলে।
আইপিএলে এ পর্যন্ত ৭০টি ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন সাকিব। অন্যদিকে ৬০টি ম্যাচ খেলে মুস্তাফিজের উইকেট সংখ্যা এখন ৬৫। সামনে আবার ডাক পেলে হয়তো সাকিবকে আরও পেছনে ফেলে চলে যাবেন বহুদূর।
এবারের আইপিএলের শেষ বেলায় দিল্লি ক্যাপিটালসে ডাক পান মুস্তাফিজ। খেলেছেন তিনটি ম্যাচ। প্রথম দুটিতে সেভাবে আলো ছড়াতে পারেননি। পেয়েছিলেন ১ উইকেট। তৃতীয় ম্যাচে নিলেন ৩ উইকেট। তাতেই ছাড়িয়ে গেলেন সাকিবকে।
শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নামা পাঞ্জাব অন্য বোলারদের পিটিয়ে নাস্তানাবুদ করলেও মুস্তাফিজকে কাবু করতে পারেননি। বরং ইনিংসজুড়ে বাংলাদেশি পেসারের তোপের মুখে ছিলেন তারাই।
এদিন চার ওভার বল করে ৩৩ রান দিয়েছেন মুস্তাফিজ। বিনিময়ে পেয়েছেন তিন উইকেট। মুস্তাফিজের ওভারে একটি ক্যাচ মিস হয়েছে, নইলে এ ম্যাচে তার উইকেট সংখ্যা আরেকটি বাড়তো। এবারের আইপিএলে তিন ম্যাচ থেকে মুস্তাফিজের শিকার চার উইকেট।
শনিবার প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব কিংস। কিন্তু এই বিশাল স্কোরও ধোপে টেকেনি দিল্লির ব্যাটারদের কাছে। শেষ বেলায় মরণ কামড় দিয়ে ৬ উইকেট এবং ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে এবারের আইপিএল শেষ করল মোস্তাফিজের দল দিল্লি। আবার হয়তো এই বাংলাদেশি বাঁহাতি কার্টারের দেখা মিলবে পরবর্তী আসরে। সেই পর্যন্ত অপেক্ষা।